সোমবার সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুটি বোমা হামলার ঘটনায় ২৭ ব্যক্তি নিহত এবং কমপক্ষে ৮০ জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কোন বাংলাদেশি আহত হয়নি বলে ব্যাংককের বাংলাদেশি দূতাবাসের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় ব্যাংককের সুকুমভিত এলাকার গ্র্যান্ড হায়াত এরাওয়ান হোটেলের পাশে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এরাওয়ান শ্রাইনে এ বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহতদের বেশিরভাগ এশিয়ান ট্যুরিস্ট। আহতদের পার্শ্ববর্তী চুয়ালালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে এবং পুলিশ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুই হাসপাতালের সূত্র দিয়ে বাংলাদেশি দূতাবাস থেকে জানানো হয়েছে আহত বা নিহতদের মধ্যে কোন বাংলাদেশি নেই। তবুও বাংলাদেশিদের যে কোন সহায়তার জন্য দ্রুত সেবা দিতে থাইল্যান্ডের বাংলাদেশি দূতাবাস একটি হটলাইন ওপেন করেছে। যার নম্বর: +৬৬৯৩১৭৪৪৮৫৫।
ঘটনার পর থাইল্যান্ডের বিটিএস স্টেশনের স্কাই ট্রেন থেকে আরও একটি বোমাকে নিস্ক্রিয় করেছে স্থানীয় পুলিশ।
