যৌতুক প্রসঙ্গ: শ্বাশুড়িকে পিটিয়ে জখম

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ২১:৪৪
জেলার সোনারগাঁও উপজেলায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ স্বামী স্ত্রীর সন্ধান না পেয়ে পিটিয়ে আহত করেছে তার শ্বাশুড়িকে। উপজেলার সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত শ্বাশুড়ি নিপা আক্তারকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। তবে এ ঘটনায় থানা পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।
 
আহত নিপা আক্তার ও এলাকাবাসী জানায়, পৌরসভার ষোলপাড়া গ্রামের পারভেজ গত দেড় মাস আগে ভালোবেসে গজারিয়া থানার পুরান বাউশিয়া গ্রামের সালামতের মেয়ে শিমা আক্তারকে (১৩) বিয়ে করে। বিয়ের পর থেকে পারভেজ তার স্ত্রী শিমা আক্তারের বাবা-মা’র কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। গৃহবধূ শিমা আক্তারের বাবা সালামত রিকশা চালক ও মা নিপা আক্তার নির্মাণ শ্রমিক হওয়ায় তাদের পক্ষে  দাবিকৃত যৌতুকের দাবি মেঠানো অসম্ভব ছিল। তাই পারভেজ প্রায়ই শিমাকে নির্যাতন করতে। নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার সকালে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে খালার বাসায় উঠে। এদিকে ঘটনার দিন স্ত্রী শিমাকে বহু খোজাঁখুঁজির পর না পেয়ে এদিন দুপুরে শ্বাশুড়ি নিপা আক্তারকে কর্মস্থল কাইকারটেক এলাকা থেকে পারভেজের বাড়িতে ধরে এনে ঘরে আটকে রেখে দিনভর শারীরিক নির্যাতন চালায় পারভেজ।
 
রবিবার বিষয়টি জানাজানি হলে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত নিপা আক্তারকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
 
এদিকে বর্তমানে গৃহবধূ শিমাকে আবারো ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
 
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের তথ্যে সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।