প্রীতি টুর্নামেন্টে গালাতাসারাইকে ২-১ গোলে হারিয়ে সান্তিয়াগো বের্নাবেউ ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
সপ্তদশ মিনিটে নাচো ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় রিয়াল। লুকা মদ্রিসের বাড়ানো বলে হেড করে প্রতিপক্ষের জালে বল জড়ান নাচো। এরপর প্রথমার্ধে আরো কোনো গোল হয়নি।
ম্যাচের ৫২ মিনিটে সমতায় ফেরে গালাতাসারাই। লুকাস পোডোলস্কির বাড়ানো বলে গোল করেন ভেসলি স্নেইডার। এরপর দুইপক্ষের মধ্যে শুরু হয় আক্রমণাত্মক লড়াই। কিন্তু কেউ যেন পেরে উঠতে পারছিল না।
অবশেষে ৮১তম মিনিটে মার্সেলোর গোলে এগিয়ে যায় রিয়াল। বল পায়ে তিন জনকে পেছনে ফেলে গোলটি করেন তিনি। এরপর আর কোনো গোল না হওয়ায় শিরোপা নিজেদের করে নেয় রিয়াল।
