উখিয়ায় মরা গরুর মাংস বিক্রি

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৪:০৪



কক্সবাজারের উখিয়ায় মরা গরুর মাংস বিক্রির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে কুতুপালং বড়বিল গ্রামের এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাহা আলাম জানান, বড়ুয়াপাড়া গ্রামের দিনবন্ধু বড়ুয়ার ছেলে সুদর্শন বড়ুয়ার মালিকানাধীন গৃহপালিত একটি গরু নিকটস্থ বাগানে বিচরণ করার সময় গভীর খাদে পড়ে মারা যায়। ঐ এলাকার সাহাব উদ্দিন, জসিম উদ্দিন, নুর আলী, আলী আকবর, সাহাব উদ্দিন, শাহা আলম ও নুরুল আমিনসহ কয়েকজন দুর্বৃত্ত মৃত গরুটির জবাই করে স্থানীয় বড়বিল বাজারে কম দামে মাংস বিক্রি শুরু করে। এতে জনমনে সন্দেহের সৃষ্টি হয়।

ইউপি সদস্য আরো জানান, এ বিষয়ে জানতে চাওয়া হলে দুর্বৃত্ত তার উপর হামলার চেষ্টা চালায়।

গরুর মালিক সুদর্শন বড়ুয়া তার গরুটি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয় মাংস বিক্রেতা রমজান আলী বাদী হয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করেছেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল বাছেত সরকার জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।