লাশ দেখতে গিয়ে খুন

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৩:৩৪
চট্টগ্রামে ভবন নির্মাণের চুক্তি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। নিহত আফতাব উদ্দিন আল কাদের (৩৬) ‘ওয়ান প্রপার্টিজ লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
 
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বুধবার গভীর রাতে বাকলিয়া থানার ‘আব্দুল লতিফ হাটখোলা’ এলাকায় তিনি খুন হন। 
 
ওসি মহসিন বলেন, বেলাখান মসজিদ এলাকায় ছৈয়দুর রহমান নামে এক ব্যক্তির জমিতে বহুতল ভবন নির্মাণ করছে ওয়ান প্রপার্টিজ। ভবন নির্মাণের চুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে ছৈয়দুর রহমানের বিরোধ ছিল।
 
তিনি জানান, বার্ধক্যজনিত কারণে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ছৈয়দুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আফতাব ও তার তিন বন্ধু রাতে ছৈয়দুর রহমানের লাশ দেখতে তার বাসায় গিয়েছিলেন । এ সময় হঠাৎ করেই ছৈয়দুর রহমানের ছোট ছেলে সাইফুর রহমান সিদ্দিকী আকাশ ছুরি নিয়ে আফতাবের ওপর চড়াও হন।
 
ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আফতাবকে রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
ওসি মহসিন বলেন, এই ঘটনায় আকাশকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি এখন পলাতক।