দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিপক্ষে চীনের বিজয় উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই বেইজিংয়ে তিন দিনের সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
এদিকে পররাষ্ট্র বিষয়ক পার্কের সিনিয়র সেক্রেটারি জু চুল কি সাংবাদিকদের বলেন, আগামী ৩ সেপ্টেম্বর রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠেয় ব্যাপক আয়োজনের সামরিক কুচকাওয়াজে পার্ক অংশ নেবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
এ বিষয়ে জু বলেন, সফরকালে পার্ক চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিজয় উদযাপন উপলক্ষে চীন যে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ আয়োজন করতে যাচ্ছে বিশ্ব নেতারা তা কৌশলে এড়াতে চাচ্ছেন। তারা মনে করছেন জাপান বিরোধী চেতনা উস্কে দেয়া এবং সামরিক শৌর্য প্রদর্শনই এই কুচকাওয়াজের লক্ষ্য। কিন্তু চীন জোর দিয়ে বলছে, শান্তিপূর্ণ উদ্দশ্যেই তারা এটি আয়োজন করছে।
এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় মার্কিন মিত্র দেশের নেতা হিসেবে পার্ক চীনের এ আয়োজনে অংশ নিলে তা আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকেই আরো বাড়িয়ে তুলবে।
এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ঐতিহাসিকভাবেই জাপানের প্রতি চীন ও দক্ষিণ কোরিয়ার বিদ্বেষ রয়েছে। সাম্প্রতিক সময়ে বেইজিং ও সিউলের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে এবং দু’দেশের নেতা ইতোমধ্যে একাধিক পূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পার্ককে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একধরণের কূটনৈতিক ভারসাম্যপূর্ণ অবস্থা রক্ষা করতে হচ্ছে।
