কুমিল্লার ২ উপজেলায় বিএনপির হরতাল চলছে

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৪:৫৬
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদের গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বানে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
 
সকাল আটটার দিকে বুড়িচং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা সদরে দলীয় নেতা-কর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে যুবদল নেতা জামাল উদ্দিন, কবির হোসেন, নাছির উদ্দিন, ছাত্রদল নেতা নাজির মাহমুদ, জামাল হোসেন, জি.এইচ জোবায়ের, দেলোয়ার, সুমনসহ কমপক্ষে ১০ জন দলীয় নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
 
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া ও ব্রাহ্মণপাড়া থানার ওসি এস.এম বদিউজ্জামান জানান, হরতাল চলাকালে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। দুই উপজেলায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।