সৈয়দপুরে শুরু হয়েছে 'ভাদর কাটানী' উৎসব

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১১:০১


স্বামীর মঙ্গল কামনায় নববধূরা বাংলা ভাদ্র মাসে তাদের স্বামীর মুখ দেখবে না। তাই এই মাসে নববধূরা স্বামীর বাড়ি থেকে নাইওর যায় বাপের বাড়িতে। আর এই প্রক্রিয়াটিকে বলা হয় 'ভাদর কাটানি'। আবহমান গ্রামবাংলার চিরায়ত একটি উৎসব। নীলফামারী জেলায় সৈয়দপুরে শুরু হয়েছে এই উৎসব।

ভাদ্র মাসকে স্থানীয়ভাবে ভাদর মাস বলা হয়। তাই এ আয়োজনকে বলা হয় 'ভাদর কাটানী'। প্রচলিত এ প্রথাটি যুগ যুগ ধরে এই অঞ্চলে চলে আসছে। তবে ঠিক কখন থেকে যার এই উৎসব শুরু হয তার কোন সঠিক তথ্য কারো জানা নেই। গেল বছরের বাংলা আশ্বিন মাস হতে এ বছরের শ্রাবণ মাস পর্যন্ত যাদের বিয়ে হয়েছে তাদের নিয়ে এই আয়োজন।

এখানে বিশ্বাস রয়েছে যে, বিয়ের পর স্বামী-স্ত্রী জীবনের প্রথম ভাদ্র মাসের কোথাও তিনদিন, সাতদিন আবার কোথাও পুরো মাস স্বামী-স্ত্রীর মুখ দেখলে স্বামীর চোখ অন্ধ হয়ে যাবে, অমঙ্গল হবে, ঝগড়া-বিবাদসহ তাদের দাম্পত্য জীবন সুখের হবে না। এমন বিশ্বাস থেকে পুরো শ্রাবণ মাসের শেষদিন নববধূরা পুরো ভাদ্র মাসের জন্য বাপ- মায়ের বাড়িতে নাইওর যায়।

স্থানীয় গবেষকদের মতে, হিন্দু সংস্কৃতি ও আচার থেকে ভাদর 'কাটানী উৎসবে'র সূচনা হলেও বর্তমানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে পালন করছে এ উৎসব।