বাগেরহাটের মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যহতি দেয়া হয়েছে। বাগেরহাট জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানোনো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়। অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন- আশিকুল আলম তন্ময়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের সাংগঠনিক নীতি-আদর্শ বিরোধী কার্যকলাপ করবার কারণে মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুল আলম তন্ময়কে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে ২১ আগস্ট হতে মোল্লাহাট ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদটি শুন্য বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই ব্যাপারে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস সানি বলেন, সাংগঠনিক নীতি-আদর্শ বিরোধী কার্যকলাপ করবার কিছু সুনির্দিষ্ট অভিযোগ তার নামে ছিলো। সেই পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেবার পরও অভিযুক্তের কোন জবাব পাওয়া যায় নি। অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা ছাত্রলীগ তাকে অব্যাহতি প্রদান করেছে বলে তিনি জানান।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান (ওশান) জানান, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই ছাত্র সংগঠন দেশের প্রতিটি আন্দোলনে সাফল্যের সঙ্গে অবদান রেখেছে।
বাগেরহাট জেলা ছাত্রলীগ তার কর্মগুণে স্বমহিমায় উজ্জ্বল। জেলা ছাত্রলীগের তৃণমূল কর্মী হতে শুরু করে যে কোন পর্যায়ের নেতা হোক না কেন দলীয় শৃঙ্খলা ভংগ করলে বা সংগঠনিক আদর্শ বিরোধী কাজ করলে জেলা ছাত্রলীগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা বোধ করবে না বলে তিনি জানান।
জেলা ছাত্রলীগের এমন সিদ্ধান্তের ব্যপারে বাগেরহাট জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী ছাত্রনেতা সরদার নাসির উদ্দিন ও মীর জায়েসী আশরাফী জেমস জানান, সদ্য নির্বাচিত নতুন একটি জেলা কমিটি এমন সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছে বাগেরহাট জেলা ছাত্রলীগ সাংগঠনিকভাবে কতোটা শক্তিশালী। অন্যায়ের সঙ্গে কোন আপোষ করে না বাংলাদেশ ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীকে মুজিব আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের নিয়ম নীতি মেনে দেশের কল্যাণে কাজ করবার আহ্বান জানিয়েছেন তারা।
