বিএনপি নেতা মিলন এখন হাসপাতালে

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১৯:৪২
জেলগেট থেকে আটক রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে পুলিশ হেফাজত থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করায় বেলা সোয়া ১১টায় দিকে তাকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রামেক পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল কাদের জানান, মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে হাসপাতালে ভর্তি করা হলে  তাকে ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
জামিনে মুক্তির পর বিএনপি নেতা মিলনকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলগেট থেকে মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়। গত ২৬ জুলাই পুলিশের নাশকতার মামলায় মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
 
মিলনের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ৩১ মে এবং ২৬ জুন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষে তিনি ২৬ জুলাই বিচারিক আদালতে আত্মসমর্পণ ও জামিন আবেদন করলে আদালত তা নাকচ করেন। তবে গত কয়েকদিনে তিনি আবারো সবকটি মামলায় জামিন পান।