ছোট পর্দায় বহু সফল গল্পের অভিনেতা আজম খান। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় করছেন বৈচিত্র্যময় চরিত্রে। বর্তমানে এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘নীল রঙা মন’-এ অভিনয়ে করেছেন। তাকে নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী
ছোটবেলায় বিতর্ক করতেন। নাটক, কবিতা আবৃত্তি আর অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন অনেক। ব্যাংকিং, বিজনেস আর খেলার জগত্ নিয়ে টেলিভিশনে টক শোতে অংশ নিয়েছেন। গান গাওয়ার শখ ছিল। কিন্তু গান শেখার সুযোগ পাইনি। অভিনয় প্রসঙ্গে আজম খান বলেন, ‘অভিনয় আমার শখ। অভিনয় আমার নেশা। কে কয়টি কাজ করল, এটা আসলে বড় কথা না। কাজগুলো কেমন মানের হলো সেটাই দেখার বিষয়। তারপরও বলতে হয় একজন শখের অভিনেতার জন্য দুই বছরে এক ঘণ্টার নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, অডিও ভিজ্যুয়াল আর মিউজিক ভিডিও মিলিয়ে এতগুলো কাজ করা আমার মতো মানুষের জন্য অনেক বড় একটা বিষয়। মাঝে মাঝে যখন ভাবি খুব অবাক লাগে আমার।’ তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘দ্য হিরো’, ‘স্বপ্নের দেশ’ (ধারাবাহিক), ‘শেষের পরে’, ‘ভালোবাসার কিছু রং’, ‘আরশী’, ‘তুমি আছ তাই’, ‘নীলাভ বিস্মরণ’, ‘শুভ্রার ওয়ার্ডরোব’, ‘একি সোনার আলোয়’, ‘ফিরে আসার গল্প’, ‘কারণ সে আকাশ ভালোবাসে’, ‘পথের শেষে’, ‘গল্পটি ছোট’, ‘তৃতীয় অধ্যায়’, ‘হীরার আংটি’ ইত্যাদি। এখন তার ব্যস্ততা অভিনয়কে ঘিরেই। এরমধ্যে শেষ করলেন বেশ কয়েকটি নাটকের শুটিং। সেগুলো হলো—একখণ্ডের নাটক চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘আড়ালে’, মেহেদী হাসান জনির ‘এটা মিথ্যা কোনো গল্প নয়’, শাহ মুহাম্মদ রফিকের ‘পাত্রী পলাতক’, এল আর সোহেলের ‘আমি তুমি আর বিয়ে’, তায়ফুল জাহান আশিকের ‘নীল পরীর নীল শাড়ি’ এবং দীপঙ্কর দীপনের পরিচালনায় দুরন্ত টিভির জন্য নির্মিত ধারাবাহিক ‘মনের জাদুকর’। বর্তমানে এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘নীল রঙা মন’-এ অভিনয়ে করেছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত এই নাটকটি লিখেছেন ফারিয়া হোসেন। এই নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম আনোয়ার চৌধুরী। আমার বাবা আমিনউদ্দিন চৌধুরী এখন অবসর জীবন যাপন করলেও সংসার আর ব্যবসা সবকিছুতেই রয়েছে তার কড়া নজরদারি। বিশাল ব্যবসা বাণিজ্যের দায়িত্ব উত্তরাধিকারসূত্রে এখন আমার হাতে। সব মিলিয়ে চরিত্রটি বেশ মজার।’
