বাগেরহাটে বিএনপির সাংগঠনিক সভা পণ্ড

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৮:৪৩
বাগেরহাট জেলা বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সভা পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
 
দলীয় সূত্রে জানা গেছে, শহরের মুনিগঞ্জ এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়টি শনিবার ভোর থেকে পুলিশ ঘিরে রেখে সভায় আসা নেতাদের কার্যালয়ে ঢুকতে বাধা দেয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠন বিষয়ে সিদ্ধান্ত নিতে ওই সভা আহ্বান করা হয়েছিল।
 
জেলা বিএনপির সভাপতি এম এ সালামের দাবি, সাংগঠনিক সভা করার বিষয়ে পুলিশের কাছে আগেই অনুমতি চাওয়া হয়। পরে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী লিখিত আবেদনও করা হয়। কিন্তু শনিবার ভোর থেকে পুলিশ এসে কার্যালয় ঘিরে রাখে এবং নেতাদের সেখানে ঢুকতে বাধা দেয়। 
 
এদিকে জেলা বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিয়মিত কর্মসূচি এভাবে পুলিশ দিয়ে বাধাগ্রস্ত করা হলে সুস্থ রাজনৈতিক অবস্থা বজায় রাখা সম্ভব না।
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। তবে বিএনপি নেতারা দলীয় কার্যালয়ের ভেতরে কি করেছেন তা আমার জানা নেই।’