শেরপুরে রিভলবার, পিস্তলসহ ১২রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৫:৪১
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত তিন যুবকের কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও ১২রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে আসা লবণ বোঝাই ট্রাকের সঙ্গে একই দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।তাদের কাছে থাকা অস্ত্র ও গুলি রাস্তায় পড়ে যায়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। আহত যুবকদের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২জনের অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে স্থানান্তর করা হয়।  আহতরা হলো- কিশোরগঞ্জের জাহাঙ্গীর আলম (৩৫), পাবনার সুমন (৩২) এবং অজ্ঞাত পরিচয় (৩৫)।
 
শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমদ হাশমী জানান,  গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টায় এসআই ফারুকুল ও  বুলবুলের নেতৃত্বে একদল পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য সীমাবাড়িতে অবস্থান নেয়। পুলিশের সন্দেহ হলে ওই মোটর সাইকেলটিকে থামানোর নির্দেশ দেয়। কিন্তু মোটর সাইকেল আরোহীরা পালিয়ে যাওয়ার সময় মির্জাপুরে দুর্ঘটনার শিকার হন। এ বিষয়ে শেরপুর থানায় মামলা হয়েছে।