হাজার হাজার অভিবাসন প্রত্যাশী লোকজন উইরোপের দিকে অগ্রসর হচ্ছে। গ্রিস-ম্যাসিডোনিয়া সীমান্তে কয়েকদিন আটকে থাকার পর রবিবার তারা উত্তর দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। এদের অধিকাংশই সিরিয়া থেকে যাওয়া শরণার্থী।
শনিবার ম্যাসিডোনিয়ার পুলিশ দেশটির দক্ষিণ সীমান্ত খুলে দেয়। ফলে অভিবাসন প্রত্যাশী লোকজন সার্বিয়া সীমান্তের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পেল। সার্বিয়া দিয়েই অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে ঢুকতে চায়।
বৃহস্পতিবার ম্যাসিডোনিয়া তার দক্ষীণ সীমান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করে সীমান্ত সিল করে দিয়েছিল। এর ফলে হাজার হাজার মানুষ নো ম্যানস ল্যান্ডে আটকে থাকতে বাধ্য হয়েছিলেন। এর দুদিন পর সীমান্তের কড়াকড়ি শিথিল করে ম্যাসিডোনিয়া।
সার্বিয়ার সরকারি প্রচার মাধ্যমের খবরে জানানো হয়েছে, রবিবার সকালের মধ্যেই প্রায় সাড়ে তিন হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে সার্বিয়ায় ঢুকেছে। সেখানে তাদেরকে খাবার ও থাকার জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এরপর তাদেরকে বাসে করে পার্শ্ববর্তী প্রেসেভো শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তাদেরকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হাঙ্গেরি পাঠানোর ব্যবস্থা করা হবে। সূত্র: রয়টার্স
