‘কুমিল্লা কবিতা উত্সব’

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:৪৭

মো. লুত্ফুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

 

ভারতের কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন জেলার কবি ও শিল্পীদের অংশগ্রহণে ‘ভালোবাসার জন্য কবিতা, কবিদের জয়গান’ শিরোনামে বর্ণাঢ্য আয়োজনে ‘কুমিল্লা কবিতা উত্সব’ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন উষসী পরিষদের ৩৭ বছরপূর্তি উপলক্ষে গত শনিবার দুপুরে নগরীর টাউন হল মাঠে বেলুন উড়িয়ে এ উত্সবের উদ্বোধন করা হয়। পরে সকলের অংশগ্রহণে রঙ-বেরঙের পোশাকে ঢোল-তবলা, বাঁশি ও বাদ্যযন্ত্র বাজিয়ে একটি র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উত্সবে দুই বাংলার অন্তত অর্ধশত কবি ও বাচিকশিল্পী অংশগ্রহণ করেন। রাতে কবিতা, ছড়া ও নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। 

বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। সংগঠনের উপদেষ্টা কবি মালিক খসরুর সভাপতিত্বে এবং উত্সবের প্রধান সমম্বয়ক কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, অধ্যক্ষ মু. শফিকুর রহমান, নজরুল গবেষক কবি ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা

আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান ও অ্যাড. সৈয়দ নুরুর রহমান, কাজী মনসুর, উত্সব উদযাপন কমিটির আহ্বায়ক নারী নেত্রী পাপড়ী বসু, সদস্য সচিব একিউ আশিক, সংগঠনের সভাপতি মো. ইউনুস, সাধারণ সম্পাদক নাসির আহমেদ বাদল প্রমুখ। অনুষ্ঠানের তৃতীয় পর্বে কলকাতার কবি ও আবৃত্তিকার সাবিতা বর্মণ, সুষ্মিতা নন্দী, আরিয়া বেগম, ঢাকার সৈয়দ ইসমত তোহা, ললুয়া ইসহাক মুন্নী, মৌসুমী রায় চৌধুরী, জহিরুল হক খান, চট্টগ্রামের কবি আরিফ চৌধুরী, তোফিকুল ইসলাম চৌধুরী ও কুমিল্লার কবি জহিরুল হক দুলাল, আলী হোসেন চৌধুরী, রমিজ খানসহ অর্ধশত কবি ও বাচিকশিল্পীর মনোমুগ্ধকর কথামালা বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক-শ্রোতারা উপভোগ করেন।

এছাড়া উত্সবে জহিরুল হক দুলাল, রুবেল কুদ্দুস, সেলিনা রহমান ওপেল, অধ্যক্ষ ডা. তৃপ্তিষ চন্দ্র ঘোষ, অ্যাড. সৈয়দ নুরুর রহমান ও অধ্যক্ষ এমদাদুল হক পলাশকে উষসী সম্মাননা পদক প্রদান করা হয়।