উজান থেকে নেমে আসা পানিতে নওগাঁর আত্রাইয়ে সড়ক ভেঙ্গে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার ভোরে মির্জাপুরে এ ঘটনা ঘটে।
এতে আত্রাই-নওগাঁ সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্যায় হাজার হাজার লোক পানি বন্দী হয়ে গেছেন। বন্যা কবলিত অনেকের বাড়ির মধ্যে পানি ঢুকে যাওয়ায় রাস্তার উপর আশ্রয় নিয়েছেন। ওই এলাকাসহ শাহাগোলাও এর আশেপাশে হাজার হাজার বিঘা ধানি জমি, পুকুরে মাছ ভেসে গেছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার দুপুরে আত্রাই নদীর পানি বিপদ সীমার প্রায় ১১০সেন্টিমিটার ও ছোট যমুনার বিপদ সীমার ১৪সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মোয়াজ্জেম হোসেন (চান্দু) জানান, বেড়িবাঁধ ভাঙ্গা ও আত্রাই-নওগাঁ প্রধান সড়কে ফাটল দেখা দেয়ার পর স্থানীয় ভাবে রাস্তা রক্ষার জন্য চেষ্টা করা হয়নি। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানান, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার তালিকা করা সম্ভব না হলেও ২হাজার হেক্টর জমির আমন ধানের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
