g বিনোদন ডেস্ক
ভারতীয় বিমানবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করার পর ইউনিসেফের শুভেচ্ছাদূতের পদ থেকে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে অপসারণের জন্য অনলাইন পিটিশন শুরু হয়েছে। গত সপ্তাহেই ভারতীয় বিমানবাহিনী নিয়ন্ত্রণ রেখায় যে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকটি করে তাতে জইশ-ই-মোহাম্মদের একটি শিবির নষ্ট হয়েছে বলে দাবি করেছে ভারত। আর তাতে বিমানবাহিনীকে অভিনন্দন জানান এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়া গত ২৬ ফেব্রুয়ারি টুইট করেন, ‘জয় হিন্দ ইন্ডিয়ান আর্মড ফোর্স!’
এ কারণে প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ, শুভেচ্ছাদূত হিসেবে তার এই ঘটনায় নিরপেক্ষ অবস্থান নেওয়ার কথা, যা তিনি করেননি। ওই পিটিশনে লেখা হয়েছে, ‘দুই পারমাণবিক শক্তির মধ্যে যুদ্ধ শুধুমাত্র ধ্বংস ও মৃত্যুই নিয়ে আসতে পারে। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার উচিত ছিল এই অবস্থায় নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার। তার আর ওই শুভেচ্ছাদূতের পদে থাকার যোগ্যতা নেই।’ মানুষ মারতে নয়, পাকিস্তানকে ভয় দেখাতেই এয়ার স্ট্রাইক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। জাতিসংঘ এবং ইউনিসেফকে ট্যাগ করা এই পিটিশনটি ৫ হাজারের মধ্যে ৪ হাজার ২০০টিরও বেশি স্বাক্ষর পেয়েছে। ইউনিসেফ যদিও এতে মন্তব্য করেনি বলেই জানিয়েছে। ২০১৬ সালে বিশ্বব্যাপী ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া নিযুক্ত হন।
তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে ইউনিসেফের সাথে যুক্ত ছিলেন। এ বিষয়ে প্রিয়াঙ্কা শুরুর দিকে চুপ থাকলেও পরবর্তীতে তিনি বলেন, ‘আমি দেশপ্রেমকে এগিয়ে রেখেছিলাম। এছাড়া আমি এ নিয়ে আর কিছু বলতে চাই না।’
১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় সিআরপিএফের ৪০ জনেরও বেশি ভারতীয় সৈন্য নিহত হওয়ার পরই এই পাল্টা আক্রমণ করা হয়।
