রাকিব হত্যা মামলার চার্জশিট দাখিল মঙ্গলবার

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৫:৫৮
পৈশাচিক নির্যাতনের শিকার শিশু রাকিব (১২) হত্যা মামলার চার্জশিট  মঙ্গলবার আদালতে দাখিল করা হবে। বেলা ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। পরে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) আলোচিত এই মামলার চার্জশিট দাখিল করা হবে।  
 
সোমবার দুপুরে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এই তথ্য জানান।
 
তিনি জানান, শিশু রাকিব হত্যা মামলায় আদালতে মোট ৪০ জন সাক্ষ্য দিয়েছেন। এরমধ্যে ৩ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ জানান, এজাহারভুক্ত তিন  আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ, তার কথিত চাচা মিন্টু মিয়া ও শরীফের মা বিউটি বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এছাড়া প্রত্যক্ষদর্শী তিনজন সাক্ষী আদালতে জবানবন্দি প্রদান করেছেন। মোট এই মামলায় ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
 
প্রসঙ্গত, গত ৩ আগস্ট বিকালে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডস্থ শরীফ মোটর্সের ভেতরে মোটরসাইকের গ্যারেজ মালিক শরীফ ও তার কথিত চাচা মিন্টু মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ রাকিবের পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী কথিত চাচা মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আসামিরা সবাই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা খুলনা কারাগারে রয়েছেন।