মিয়ানমার থেকে আরো ১২৫ বাংলাদেশি ফিরবে মঙ্গলবার

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৯:১৩
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার আরো ১২৫ বাংলাদেশিকে পঞ্চম দফায় ফেরত আনা হচ্ছে।
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল এম. আনিসুর রহমান জানান,  মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে মঙ্গলবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সনাক্ত হওয়া বাংলাদেশি ১২৫ জনকে ফেরত আনা হবে।
 
উল্লেখ্য, এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই ও ১০ আগস্ট চার দফায় শনাক্ত হওয়া ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করেছিল সে দেশের নৌ বাহিনী। এরপর বাংলাদেশি হিসেবে দাবি করা তালিকা নিয়ে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ওই তালিকায় সনাক্ত হওয়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে ফেরত আনা হচ্ছে।