সিরাজগঞ্জে কয়েক হাজার মানুষ পানিবন্দী

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৯:৫৫
যমুনা নদীতে গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এবং চৌহালী থানার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নদীর পানি বিপদ সীমার ৫৮ সেন্টিামিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এজন্য জেলার নিম্নাঞ্চল খ্যাত এনায়েতপুর-চৌহালীর অন্তত ১০টি ইউনিয়নের অন্তত অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল, বিনদহ, চাঁদপুর, আষান নগরসহ আশপাশের কয়েকটি চরের অন্তত তিন শতাধিক ঘরবাড়ি তলিয়ে কয়েক হাজার মানুষ মানবেতর দিন যাপন করছে।
 
টিউবয়েল তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সঙ্কট।
 
বেতিল চরের আশরাফ আলীর স্ত্রী আছমা খাতুন জানান, বন্যার কারণে রুজি না হওয়ায় তার পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।
 
খুকনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং জালালপুর ইউনিয়ন চেয়ারম্যান আজাদ চৌধুরী জানান, এনায়েতপুর-সিরাজগঞ্জ বাধ অভ্যন্তরের দুটি ইউনিয়নের সবগুলো গ্রামে বন্যা দেখা দিয়েছে। সরকারিভাবে এসব এলাকায় কোন ত্রাণ সহায়তা না দেয়ায় বন্যা দুর্গত মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি এবং শুকনা খাবারের সঙ্কট দেখা দিয়েছে। দেখা দিচ্ছে পানিবাহিত নানা চর্ম রোগ।
 
তবে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার রেজাউল বারী জানান, বন্যার্তদের দ্রুতই ত্রাণ সহায়তা দেবে সরকার।