লিবিয়ায় আইএস জঙ্গির হাতে গুলিতে নিহত প্রবাসী মো. মোসলেহ উদ্দিন (৩০) এর লাশ এক মাস তিন দিন পর তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গত ২২ জুলাই বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আইএসের গুলিতে নিহত হয় বাংলাদেশী দুই যুবক। এদের মধ্যে লাখাই উপজেলার চিকনপুর গ্রামে মো. আব্দুল বাছিরের ছেলে মোসলেহ উদ্দিন।
নিহতের মোসলেহ উদ্দিনের লাশ দেশে আনার জন্য সরকারের কাছে আবেদন করে নিহতের পরিবার। সরকারের প্রচেষ্টায় আজ সোমবার ভোররাতে লিবিয়া থেকে বিমান যোগে নিহত মোসলেহ উদ্দিনের লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের লোকজন মোসলেহউদ্দিনের লাশ প্রথমে তার মামার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামে ওয়াহেদ উল্লাহর বাড়িতে নিয়ে আসে। সকালে জানাযা শেষে তার গ্রামের বাড়ি লাখাই উপজেলার চিকনপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত প্রবাসী মোসলেহ উদ্দিনের লাশ দেশে আনার সংবাদ ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য প্রতিবেশীরা নাসিরনগর তার মামার বাড়িসহ তার গ্রামের বাড়িতে ভীড় জমায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে কান্নার রোল পড়ে যায়।
