মাগুরার শালিখায় পৃথক অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার কেষ্টপুর এলাকায় যশোর-মাগুরা সড়কে ঢাকাগামী পৃথক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগজিনসহ দুই যাত্রীকে আটক করা হয়।
শালিখা থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা সড়কের কেষ্টপুরে দুপুর আড়াইটার দিকে সোহাগ পরিবহনের যাত্রী কুদ্দুসকে আটক করে তার কাছে থাকা ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজনি এবং একই স্থানে সন্ধ্যার দিকে হানিফ পরিবহনের যাত্রী আলমগীরকে আটক করে ২টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
