সুরভীর শখের ক্যানভাস

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:০৩

মাসরুবা তাসমিন সুহা

ছোটবেলা থেকেই আঁকাআঁকির শখ ছিল সুরভীর। চোখের সামনে যা দেখতেন, সেটাই আঁকতে চেষ্টা করতেন। আঁকাআঁকি শিখতে কখনো কোনো শিক্ষকের শরণাপন্ন না হলেও নিজের চেষ্টা ও নিয়মিত আঁকাআঁকির অভ্যাসেই হাত পাকিয়েছেন। বন্ধুবান্ধব ও আশপাশের অনেকেই মুগ্ধ হতেন তার আঁকা ছবি দেখে।

সুরভীর পুরো নাম সানজিদা ইয়াসমিন সুরভী। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তিনি। পাশাপাশি আঁকাআঁকির অভ্যাসকে কাজে লাগিয়ে নিজের উদ্যোগে  শুরু করেছেন ‘শখের ক্যানভাস’ নামের  একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান, যেখান থেকে অর্ডার অনুযায়ী বিভিন্ন নকশা ও ছবিতে সাজানো নানা পণ্য, ফোনের কাভার ও পেইন্টিং বিক্রি করছেন।

জানা গেল, সুরভীর শখের ক্যানভাসের যাত্রা শুরু হয় ২০১৭ সালে। তার হাতে আঁকা কিছু পেইন্টিংকে ফ্রেমে সাজিয়ে বিক্রি করেন বন্ধুদের কাছে। এরপর থেকে ফোনের কাভার, নোটপ্যাড, টি-শার্ট, জামা-জুতার ওপর রংতুলি দিয়ে বিভিন্ন নকশা এঁকে সেগুলো বিক্রি করতে শুরু করেন। ফেসবুকে শখের ক্যানভাসের পেজে সেসব পণ্যের ছবি আপলোড করা হয়, সেখান থেকেই মেলে ক্রেতাদের অর্ডার। কাস্টমাইজ্ড ফোন কাভারের ক্রেতাই বেশি, জানালেন সুরভী। অনেকেই নিজের পছন্দের ছবি আঁকিয়ে নেন ফোনের কাভারে।

সবশেষে সুরভী বলেন, ‘মানুষের সাড়া পাচ্ছি। অনেকে আমার কাজ পছন্দ করে নিজের ফেসবুক ওয়ালেও ছবি শেয়ার করছেন। এই বিষয়টাও ভালো লাগে। আজকাল উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ অনেক বেড়েছে। তাছাড়া পড়াশোনার পাশাপাশি নিজের শখকে কাজে লাগিয়ে যে কেউই এধরনের কাজগুলো করতে পারেন, এতে বাড়তি রোজগারও হবে, আনন্দও মিলবে।’