ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১০:২৬


ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় রোমা ক্যাম্পে এক বন্দুকধারীর গুলিতে ৬ মাস বয়সের একটি শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রাজধানী প্যারিস থেকে ৭০ মাইল উত্তরে রয় শহরে এই সহিংসতার ঘটনা ঘটে। খবর বিবিসির।

একজন প্রত্যক্ষদর্শী জানান, কয়েকজন পুলিশ তল্লাশি চালাতে ওই ক্যাম্পে যায়। এ সময় একজন বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ৬ মাস বয়সের একটি শিশু এবং একজন নারী ও এক পুরুষ মারা যান। গুলিতে আহত হন দুই পুলিশ সদস্যসহ চারজন। পরে গুরুতর আহত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। পুলিশের পাল্টা গুলিতে ঐ বন্দুকধারী গুরুতর আহত হয়েছেন।

হামলাকারী মাদকাসক্ত ছিল বলে জানিয়েছেন ঐ প্রত্যক্ষদর্শী।

তবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বারনারড ক্যাজেনেভ সাংবাদিকদের বলেন, 'এটি ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড।'

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস এ ঘটনার নিন্দা জানিয়েছেন।