চান্দিনায় বাস চাপায় শিশুর মৃত্যু, আহত ২০

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১৫:০৭
কুমিল্লার চান্দিনায় বাস চাপায় রবিউল (১২) নামে এক সাইকেল আরোহী শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হজ্ব যাত্রীসহ বাসের অন্তত ২০জন আহত হয়। বুধবার দুপুর দেড়টায় উপজেলা মৎস্য খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ডুমুরিয়া গ্রামের পিকআপ চালক আলমের ছেলে। সে ইন্দ্রারচরে একটি ওয়ার্কসপের শ্রমিক।
 
আহতরা হলেন- হজ্বযাত্রী ফেনীর মাহবুবুল হক, তার স্ত্রী রেশমা সুলতানা, বড় বোন সেলিনা পারভীন, একই জেলার তানজিনা, আবুল হাসেম, সোনাগাজী উপজেলার আব্দুল হক, তার স্ত্রী ওয়ারিশা, হাজী ওবায়েদুল, সায়েলা আক্তার, পশুরাম উপজেলার আইয়ূব আলী, ছাগলনাইয়া উপজেলার আমেনা খাতুন, সুলতানপুর এলাকার শরীফ, চৌদ্দগ্রামের জাহাঙ্গীর, মাদারীপুরের সিরাতুন নেছা, আব্দুল কুদ্দুসসহ আরো ৫জন। 
 
আহত মাহবুবুল হক বলেন, 'সাইকেল আরোহী শিশুকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ওই সাইকেল আরোহী শিশুটি বাসের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। বাসের ৩৪জন যাত্রীর মধ্যে অন্তত ২০জন আহত হয়।  
 
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট, চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (সার্জেন্ট) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করে ও  দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।'