মাহবুব শরীফ
প্রথমবারের মতো এবছর একটি বাংলাদেশি প্রযুক্তি স্টার্টআপ সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হতে যাওয়া স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এবং প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে, যেখানে এক মিলিয়ন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য বিশ্বের প্রযুক্তি স্টার্টআপগুলো লড়বে। উক্ত স্টার্টআপটিকে নির্বাচিত করতে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল ও ইজেনারেশন লি যৌথভাবে এ প্রতিযোগিতা আয়োজন করছে।
‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০১৯, বাংলাদেশ পাওয়ার্ড বাই ইজেনারেশন’ শীর্ষক এই আঞ্চলিক প্রতিযোগিতার সহ-আয়োজক হিসেবে বাংলাদেশ ইনোভেশন ফোরাম (বিআইএফ), মিডিয়া হিসেবে রয়েছে আরটিভি এবং পার্টনার হিসেবে রয়েছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), টাই ঢাকা এবং এন্ট্রারপ্রেনরস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ। আগামী ৬ এপ্রিল এই আঞ্চলিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের ৫টি সেরা স্টার্টআপকে প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। আগ্রহীরা www.egeneration.co/ fenoxswc লিংকে গিয়ে আগামী ২০ মার্চের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করতে পারবেন।
তৃতীয়বারের মতো আন্তর্জাতিক এই বৃহত্ প্রতিযোগিতা বিশ্বের সেরা স্টার্টআপগুলো মধ্য থেকে পরবর্তী ‘বশ্ব চ্যাম্পিয়ন’ খোঁজার আয়োজন করেছে। এবছর ৬টি মহাদেশ থেকে বাংলাদেশসহ অন্তত ৪০টি দেশের ৪০টি স্থানে আঞ্চলিক স্টার্টআপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফেনক্স আঞ্চলিক প্রতিযোগিতার সকল বিজয়ীদের চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নিয়ে যাবে, যেখানে তারা বিনিয়োগ পুরস্কারের জন্য লড়বে।
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০১৯, বাংলাদেশ এর বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল রাজধানীর ডেইলি স্টার কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার ও ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন (ভিসিপিয়াব) পরিচালক ওয়ালি উল মারুফ মতিন, ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, ইও বাংলাদেশের সভাপতি ফারজানা চৌধুরী, আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, টাই ঢাকার সভাপতি রুবাবা দৌলা এবং বাংলাদেশ ইনোভেশন ফোরাম (বিআইএফ) সভাপতি আরিফুল হাসান অপুসহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে শামীম আহসান বলেন, ‘আমরা আন্তর্জাতিক প্রচার, আন্তর্জাতিক মেন্টরশিপ ও বিশাল অংকের পুরস্কার পেতে আগ্রহী উদ্ভাবনী সল্যুউশনের স্টার্টআপদেরকে প্রতিযোগিতায় অংশ নিতে জোরালে আহ্বান জানাচ্ছি।’
