মোহাম্মদ ফারাহর বিশ্ব আসরে সপ্তম স্বর্ণ জয়ের স্বপ্ন প্রায় মুখ থুবড়েই পড়েছিল। ৫০০০ মিটারের হিটে শেষ ল্যাপে এই ইভেন্টের অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন ফারাহকে ‘অনিচ্ছাকৃতভাবে’ ধাক্কা দেন কানাডার মোহাম্মদ আহমেদ। পড়তে পড়তেও শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়ে দ্বিতীয় স্থানে থেকে দৌড় শেষ করেন ফারাহ। স্বর্ণ জেতেন চলতি মৌসুমের সেরা পারফরমার ইথিওপিয়ার ইয়োমিফ খেজালছা।
গত সপ্তাহান্তে, ১০ হাজার মিটারের স্বর্ণ জেতা ফারাহ ফেভারিট ছিলেন পাঁচ হাজার মিটারের হিটেও। সেই পথে বেশ ভালভাবেই এগোচ্ছিলেন এই ব্রিটিশ। সমস্যা বাঁধে শেষ ল্যাপে। একেবারে গা ঘেষে চলতে থাকা আহমেদের ধাক্কা লাগে ফারাহর পেছন দিকে। পা হড়কে পড়তে শুরু করলেও শেষ মুহুর্তে নিজেকে সামলে নেন ফারাহ।
এই ঘটনার শাস্তি স্বরূপ আহমেদকে প্রাথমিকভাবে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেন ইভেন্ট কর্মকর্তারা। যদিও তার আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সেটি প্রত্যাহার করে নেয়া হয়। প্রথম হওয়া খেজালছা সময় নেন ১৩ মিনিট ১৯.৩৮ সেকেন্ড। ফারাহ সময় নেন তার চেয়ে .০৬ সেকেন্ড বেশি।
