শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর মতো একের পর এক প্রকল্পে রাজ্যের নারীদের উন্নয়নের ছবি তুলে ধরতেই আগামী শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টায় শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের মহিলা শাখার ওই মিছিলে মমতা নেতৃত্ব দেবেন। আনন্দবাজার পত্রিকা
এ বারের আন্তর্জাতিক নারী দিবসের থিম ‘ব্যালান্স ফর বেটার’। তৃণমূলের নারী শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ‘‘নারীর প্রাপ্য অধিকার ও সম্মানের জন্য এ রাজ্যে একের পর এক সরকারি প্রকল্প হয়েছে।ওই সব প্রকল্পে রাজ্যের নারীরা যে অগ্রাধিকার ও সুবিধা পাচ্ছেন তা প্ল্যাকার্ড, ব্যানারে তুলে ধরা হবে। একই সঙ্গে, নারীদের জন্য কেন্দ্রীয় প্রকল্পে যে আদতে কোনও সুবিধা মেলে না, সেই অভিযোগও তুলে ধরা হবে।’’
