আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২১

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২০:৫৬

রয়টার্স

 

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলার ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। নানগাহার প্রদেশে একটি অভ্যন্তরীণ বিমানবন্দরের কাছে এ হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, পাঁচ হামলাকারী বুধবার জালালাবাদে একটি নির্মাণ কোম্পানির দপ্তরে অতর্কিত হামলা চালায়। এতে ওই কোম্পানির ১৬ কর্মী নিহত হয়। তিনি আরো জানান, ওই কোম্পানির দপ্তরের সামনে দুই বোমারুর আত্মঘাতী বিস্ফোরণের মধ্য দিয়ে হামলাটি শুরু হয়, এরপর দপ্তরটি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি শুরু করে। এতে কোম্পানির কয়েকজন রক্ষীসহ ১৬ জন কর্মী এবং দুই আত্মঘাতী ও তিন বন্দুকধারীসহ মোট পাঁচ হামলাকারী নিহত হয়েছে।

নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, ওই নির্মাণ কোম্পানির চার কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা সংকটজনক। তাত্ক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলায় দায় স্বীকার করেনি।