আবারো বিদ্যুৎ চমকালো বেইজিংয়ে

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১০:৫৮
বেইজিংয়েই বিশ্বমঞ্চে নিজের আবির্ভাব ঘোষণা করেছিলেন উসাইন বোল্ট। নিজের প্রথম অলিম্পিক স্বর্ণ জয়ের সেই মঞ্চেই কাল আবারো নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন উসাইন বোল্ট। বিখ্যাত বার্ডস নেস্টে ৯.৫৫ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে জিতে নিলেন স্প্রিন্ট ডাবল। পেছনে ফেললেন চোট, প্রস্তুতির অভাব আর জাস্টিন গ্যাটলিনকে। জয়ের পরই নিজের সেই চিরচেনা ‘বোল্ট বিদ্যুৎ’ চিহ্ন দেখিয়ে বিশ্ববাসীকে যেন আরেকবার স্মরণ করিয়ে দিলেন, স্প্রিন্ট রাজত্বে এখনো চলছে বোল্টের আধিপত্য।
 
চলতি আসরের আগে এই মৌসুমে একবারই মাত্র দু’শো মিটার দৌড়েছিলেন বোল্ট। সেখানে নিজের পারফরম্যান্সের ছায়া হয়ে ছিলেন। তবে বিশ্ব মঞ্চে বড় লড়াইয়ে নিজের সেরাটাই দেখালেন বোল্ট। ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর এটাই ছিল তার সেরা পারফরম্যান্স।
 
গ্যাটলিন দৌড় শেষ করেছেন ৯.৭৪ সেকেন্ডে। অন্যদিকে ব্রোঞ্জ জেতা দক্ষিণ আফ্রিকার তরুণ আনাসো জোবোদওয়া ১৯.৮৭ সেকেন্ড সময় নিয়েছেন।