আগামীকাল শুরু ওয়েলিংটন টেস্ট

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মুশফিক

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ড সফর শুরুর আগে থেকেই বাংলাদেশ দলে আঘাত হেনেছে ইনজুরির ছোবল। প্রথমেই ইনজুরিতে পড়ে সফরের বড় অংশ থেকে ছিটকে গেছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান এবং পুরো সফর মিস করছেন তাসকিন আহমেদ। ইনজুরি আছে মোহাম্মদ মিঠুন ও তামিম ইকবালেরও। নিউজিল্যান্ডে গিয়ে ইনজুরিতে পড়ে ইতোমধ্যে প্রথম টেস্ট মিস করেছেন মুশফিকুর রহিম। গতকাল কোচ স্টিভ রোডস জানালেন, দ্বিতীয় টেস্টেও মুশফিকের খেলার সম্ভাবনা খুব কম। তবে তিনি খেলবেন তৃতীয় টেস্ট। আগামীকাল ভোর ৪টায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

মুশফিক আগে থেকে ভুগছিলেন পাঁজরের চোটে। এর সঙ্গে তাকে বেশি ভোগাচ্ছে কবজির চোট। এই চোটের জন্যই তিনি হ্যামিলটনে খেলতে পারেননি। গতকাল প্রথমবারের মতো নেটে পুরোদস্তুর অনুশীলন করেছেন মুশফিক। ফলে একটা আশা তৈরি হয়েছিল যে, তিনি হয়তো ওয়েলিংটনে খেলবেন। কিন্তু কোচ বুঝিয়ে দিলেন, সে সম্ভাবনা নেই বললেই চলে।

মুশফিকের বর্তমান অবস্থা নিয়ে রোডস বলছিলেন, ‘মুশির অবস্থা হলো, সে এখন যত দ্রুত সম্ভব টেস্ট খেলার জন্য ফিট হয়ে ওঠার চেষ্টা করছে। আজকে সে প্রথমবারের মতো টেনিস বল ও রাবার বলে সত্যিকারের অনুশীলন করেছে। এরপর ক্রিকেট বলেও কিছু কাজ করে আজ শেষ করেছে। সে যখন ক্রিকেট বল দিয়ে অনুশীলন করছিল, তখন লিগামেন্টে বেশ ব্যথা লেগেছে। এর অর্থ এই যে, দ্বিতীয় টেস্টেও সে খুবই অনিশ্চিত। এটা (দ্বিতীয় টেস্ট খেলাটা) হতে হলে তাকে রাতারাতি অস্বাভাবিক উন্নতি করতে হবে। তারপরও আমরা সবাই মুশির দিকে তাকিয়ে আছি। ভালো খবর হলো, সে তৃতীয় টেস্ট খেলার জন্য সঠিক পথে আছে।’ এর আগে মুশফিকের ইনজুরির অবস্থা জানিয়ে একদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘প্রাথমিক ভাবে আমাদের ধারণা ছিল ও তৃতীয় টেস্টটা খেলবে। আমি বলেছি তাকে ঝুঁকি না নেওয়ার জন্য। একটুও যদি সমস্যা থাকে তাহলেও খেলবে না। কারণ তার ফিট থাকাটা জরুরি। সেজন্য আমি বলেছি, তুমি যদি মনে করো সম্পূর্ণ ফিট আছো, ফিজিওরা যদি বলে ঠিক আছো। তাহলে তুমি দ্বিতীয় টেস্টে খেলতে পারো।’

এদিকে দলের আরেক বড় ভরসা, হ্যামিলটন টেস্টেও দলের সেরা খেলোয়াড় তামিম ইকবালও ছোট কিছু চোটে ভুগছেন। তবে তাকে নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না কোচ। তামিম দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেই কোচের ধারণা। গতকাল তামিম হালকা অনুশীলন করেছেন জানিয়ে কোচ বলেছেন, ‘তামিম আজ হালকা কিছু কাজ করেছে। ওর সামান্য ব্যথা আছে। বড় কিছু নয়। সে ভালো অবস্থায় আছে। হ্যামিলটন টেস্টে ২০০-এর মতো রান করেছে। ও ভালো আছে। বাকিরাও ভালো আছে। আপাতত এ নিয়ে নতুন কোনো নাটকীয়তা নেই।’

সাকিব দ্বিতীয় টেস্টেও দলের সঙ্গে যোগ দিতে পারছেন বলে মনে হচ্ছে না। বিসিবি সভাপতি জানিয়েছেন, খুব ভালো উন্নতি হলে সাকিব তৃতীয় টেস্ট খেলবেন। এত ইনজুরিতেই টেস্ট দলে থেকে গিয়েছিলেন সৌম্য সরকার। আর সেই সৌম্যই গত টেস্টে পেয়েছেন সেঞ্চুরি। সৌম্যর এই পারফরম্যান্স নিয়ে দারুণ সন্তুষ্ট কোচ। তিনি বলছিলেন, ‘গত খেলায় সবচেয়ে আনন্দের ব্যাপার এটাই ছিল যে, সৌম্যকে এসে পারফরম করতে দেখা। কারণ সে ও লিটন এক অর্থে আমাদের ব্যাক আপ খেলোয়াড় ছিল।’