ইংল্যান্ডকে জেতালেন বেয়ারস্টো

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২১:৩৭

স্পোর্টস রিপোর্টার

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় এসেছে জনি বেয়ারস্টোর ব্যাটে ভর করে। তার ৪০ বলে করা ৬৮ রানের ইনিংসের সুবাদে চার উইকেটে জিতে যায় ইংল্যান্ড।

সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে টসে হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে করে ১৬০ রান। সর্বোচ্চ ৫৮ রান করেন নিকোলেন পুরান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন ড্যারেন ব্রাভো। যদিও, তার ৩০ বলের ইনিংসটি টি-টোয়েন্টির জন্য বড্ড বেমানান। এর বাদে ক্রিস গেইল ১৫, শেমরন হেটমায়ার ১৪ ও অ্যাশলি নার্স ১৩ রান করেন। বোঝাই যাচ্ছে, পুরান বাদে অন্য কোনো ব্যাটসম্যান জ্বলে উঠতে না পারাতেই ইনিংসটা লম্বা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার হলেন টম কুর্যান। এই ডান হাতি স্পিনার একাই চারটি উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে একপ্রান্ত আগলে রেখে ৬৮ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। তার ৪০ বলের ইনিংসে ছিল নয়টি চার ও দু’টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে জো ডেনলির ব্যাট থেকে। এছাড়া স্যাম বিলিংস করেন ১৮ রান।

ছয় উইকেট হারিয়ে সাত বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিয়ান পেসার শেলডন কটলের তিনটি উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বেয়ারস্টো।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ইংল্যান্ড দল। আগামীকাল শুক্রবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর

টস : ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬০/৮ (হোপ ৬, গেইল ১৫, হেটমায়ার ১৪, ব্রাভো ২৮, পুরান ৫৮, ব্র্যাথওয়েট ০, অ্যালেন ৮, হোল্ডার ৭, নার্স ১৩*; উইলি ০/২০, কুর্যান ৪/৩৬, জর্ডান ২/১৬, রশিদ ১/১৫, প্লাঙ্কেট ০/৪৪, ডেনলি ১/২৮)

ইংল্যান্ড : ১৮.৫ ওভারে ১৬১/৬ (হেলস ১১, বেয়ারস্টো ৬৮, রুট ০, মর্গ্যান ৮, ডেনলি ৩০, বিলিংস ১৮, উইলি ১*, কারান ২* ; কটরেল ৩/২৯, টমাস ০/১৮, নার্স ১/৩২, হোল্ডার ১/২৬, ব্র্যাথওয়েট ১/৩৩, অ্যালেন ০/৮)।

ফলাফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে

ম্যাচ সেরা: জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)।