অবশেষে আফগানিস্তানকে হারালো আয়ারল্যান্ড

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২১:৪১

বিডি নিউজ

বাজে শুরু করা আফগানিস্তানকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে আড়াইশ ছাড়ানো সংগ্রহ এনে দিলেন নাজিবউল্লাহ জাদরান। রান তাড়ায় শুরুতেই হোঁচট খাওয়া আয়ারল্যান্ডকে পথ দেখালেন অ্যান্ড্রু বালবির্নি। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে দলকে দারুণ এক জয় এনে দিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে আয়ারল্যান্ড। ২৫৭ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ৭৪ রানে তারা হারিয়ে ফেলে পাঁচ উইকেট।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক আসগর আফগানের সঙ্গে ১১৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন নাজিবউল্লাহ। তিন ছক্কা আর চার চারে ১০৯ বলে ৭৫ রান করা আফগানকে ফিরিয়ে জুটি ভাঙেন বয়েড র্যানকিন। সেই ওভারেই এই পেসার বিদায় করেন মোহাম্মদ নবিকে।

শেষের দিকে বোলারদের ওপর চড়াও হয়ে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন নাজিবউল্লাহ। বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১০৪ রানে। তার ৯৮ বলের ইনিংসটি গড়া পাঁচটি করে ছক্কা ও চারে। আয়ারল্যান্ডের র্যানকিন ও টিম মারটাঘ নেন দুটি করে উইকেট।

রান তাড়ায় ২৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি কেভিন ও’ব্রায়েন। ৭৩ রানে চার উইকেট হারানো দলকে পথ দেখান বালবির্নি ও জর্জ ডকরেল। পঞ্চম উইকেটে উপহার দেন ১৪৩ রানের জুটি।

নিজের কোটার শেষ ওভারে ডকরেলকে ফিরিয়ে আইরিশদের প্রতিরোধ ভাঙেন নবি। একটি করে ছক্কা-চারে ৭৭ বলে ৫৪ রান করে ফিরেন ডকরেল।

জুটি ভাঙার পর তৃতীয় সেঞ্চুরি পাওয়া বালবির্নিকেও বিদায় করার সুযোগ এসেছিল আফগানিস্তানের সামনে। ফিল্ডারদের ব্যর্থতায় বেঁচে যাওয়া আইরিশ টপ অর্ডার ব্যাটসম্যান ফিরেন দলকে জিতিয়ে। আটটি করে ছক্কা-চারে ১৩৬ বলে খেলা ১৪৫ রানের ইনিংস বালবির্নিকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার। আগামীকাল শুক্রবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।