রাজধানীতে হাত-পা বাঁধা অবস্থায় মাজেদ মোল্লা (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর আরামবাগের একটি আট তলা ভবনের সাত তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাজেদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তিনি আরামবাগের একটি প্রেসে কাজ করতেন এবং স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ঐ বাসায় ভাড়া থাকতেন।
বাড়ির মালিক মো. সালাউদ্দিন জানান, “মাজেদ প্রায় ৫ বছর ধরে আমার বাসায় ভাড়া থাকে। তার স্ত্রী প্রায়ই নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জে থাকেন। শুক্রবার দুপুরের দিকে মাজেদের স্ত্রী মানিকগঞ্জ থেকে এসে দেখে তাদের বাসার দরজায় তালা। মাজেদকে ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পান তিনি। নিচে কয়েক ঘণ্টা অপেক্ষার পর দরজা ভেঙে বাসায় ঢুকে শোবার ঘরে মাজেদের হাত-পা বাঁধা লাশ দেখে সবাইকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মাজেদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ফরিদউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
