বিশ্বকাপ ২০১৯
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ান কিংবদন্তি বিশ্বকাপের লড়াইয়ে এগিয়ে রাখছেন নিজের দেশকেই। তিনি মনে করছেন, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের এক বছরের নিষেধাজ্ঞা তাদেরকে আরো বেশি ক্ষুধার্ত করে তুলেছে। এই দুই ক্রিকেটারের প্রত্যাবর্তন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গৌরবকে জাগিয়ে তুলতে পারে বলে দাবি করলেন তিনি।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির দায়ে এ জুটিকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ মাসের শেষ দিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ শিরোপা অক্ষুণ্ন রাখতে তারা পুনরায় জাতীয় দলে ফিরছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
উভয় খেলোয়াড়ই সমপ্রতি কনুইর অস্ত্রোপচার করিয়েছেন এবং বিশ্ব পর্যায়ে ফিরে বিশেষ করে ইংল্যান্ডের নিশ্চিত বিরুদ্ধ পরিবেশে তারা কেমন করবে সে বিষয়ে নিশ্চিত নন ওয়ার্ন। তবে তারা আগের মতোই ভালো করবে এবং বিরতির পর এ জুটির দক্ষতা থেকে দলকে উপকৃত করবে তাতে কোনো সন্দেহ নেই ওয়ার্নের।
ফক্স স্পোর্টসকে ওয়ার্ন বলেন, ‘কখনো কখনো জোর করে কিছু বন্ধ করতে হয়, যেমনটা আমি করেছি। ১২ মাস আমাকে জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে- যার অর্থ সত্যিকারার্থেই আপনি সতেজ হবেন।’
নিজের অভিজ্ঞতা থেকে বলছেন এ স্পিন কিংবদন্তি। নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে ২০০৩ সালে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্ন। অনেকেই তাকে বিদায় নিতে বলেছিলেন। তবে তিনি দ্রুতই ঘুরে দাঁড়ান এবং অস্ট্রেলিয়া দলের হয়ে বেশ কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন এবং উপভোগ করেছেন।
ওয়ার্ন বলেন, ‘আপনি মানসিকভাবে সতেজ থাকবেন, আপনি পুনরায় ক্ষুধার্ত বোধ করবেন এবং অনুধাবন করতে পারবেন ক্রিকেট আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।’
ওয়ার্ন মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মাত্রই নিজেদের উজাড় করে দিতে চাইবেন ওয়ার্নার-স্মিথ। তিনি বলেন, ‘পুনরায় খেলতে নামার সময় দুজনেরই নিজেদের প্রমাণের লক্ষ্য থাকবে। এই কারণেই আমি মনে করি অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিততে পারে।’
ওয়ার্ন আরো বলেন, ‘তারা সরাসরি খেলতে নামবে, ক্ষুধার্ত থাকবে। প্রথম প্রথম কয়েক ম্যাচে তারা কিছুটা নার্ভাস থাকবে তবে সেটা তাদের জন্য ভালো হবে, তারা এক্সাইটেড থাকবে এবং আমি চাইব তারা সময় মতোই ভালো খেলুক।’
অস্ট্রেলিয়া দলের নতুন সহকারী ব্যাটিং কোচ রিকি পন্টিংও সম্প্র্রতি একই মত প্রকাশ করেছেন। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্মিথ-ওয়ার্নার দুজনই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
লিগামেন্ট সমস্যায় পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ছিটকে পড়ার পর গত জানুয়ারিতে অস্ত্রোপচার করা স্মিথ গত সপ্তাহে নেট অনুশীলনে ফিরেছেন। একই টর্নামেন্টে ইনজুরি সমস্যা পড়েন ওয়ার্নার । তবে তার ইনজুরি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। সুস্থ হয়ে ওঠা এ ব্যাটসম্যান চলতি সপ্তাহে নিজের ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন।
আগামী ২৩ এপ্রিলের মধ্যে অস্ট্রেলিয়া দল নিজেদের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করে ফেলবে। মে’র শুরু থেকে ব্রিসবেনের বুপা ন্যাশনাল ক্রিকেট সেন্টারে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্যাম্প। বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। আগামী এক জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা।
