মরিনহোকে ফিরিয়ে আনার আহ্বান
স্পোর্টস ডেস্ক
তাহলে কি রিয়াল মাদ্রিদে আবার হোসে মরিনহোকে দেখা যাবে? প্রশ্নটা উঠেছে নিজ মাঠে আয়াক্সের কাছে ১-৪ গোলে হারের পর।
গুণে গুণে ১০১২ দিনের মাথায় ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট খসে পড়লো গত দুইবারের চ্যাম্পিয়নদের। আর তাতে স্প্যানিশ রাজধানীর দলটিতে ব্যাপক পরিবর্তন অত্যাসন্ন বলে খবর মিলছে। কারণ এটা ছিল নিজেদের মাঠে টানা চতুর্থ হার। তাই বলাবলি হচ্ছে খেলোয়াড়দের পাশাপাশি খোদ কোচ সান্তিয়াগো সোলারিরও বিদায় আসন্ন। যদিও এ মৌসুমেই প্রথমে ভারপ্রাপ্ত ও পরে স্থায়ীভাবে দায়িত্ব নেওয়া সোলারির চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ফিরতি লেগে অমন বিপর্যয়কর হারে প্রতিযোগিতা থেকে বিদায়ের পর ফুটবল বোদ্ধারা অবশ্য কেউ ভাবছেন না, সোলারি মৌসুম শেষ হওয়া পর্যন্ত টিকবেন। কারণ লা লিগা ও কোপা দেল রে’র শিরোপা লড়াই থেকে দলটি আগেই ছিটকে গিয়েছিল। এরপর গত মঙ্গলবার রাতে মহাদেশীয় শিরোপা সম্ভাবনারও সমাপ্তি।
সাবেক স্পেন কোচ হুলেন লোপেতুগুইকে গেল অক্টোবরে বরখাস্ত করে ক্লাবের যুব দলের কোচ সোলারিকে দায়িত্ব দিয়েছিল রিয়াল। তখন শীর্ষে থাকা বার্সেলোনার চাইতে সাত পয়েন্ট পেছনে ছিল মাদ্রিদের ক্লাবটি। এখন তারা শিরোপাধারী বার্সেলোনার চাইতে ১২ পয়েন্ট পেছনে। এর মানে লা লিগায়ও তাদের কার্যত কোনো আশা নেই।
এ প্রেক্ষাপটে রিয়ালের ভবিষ্যত্ কোচ হিসেবে উচ্চারিত হচ্ছে হোসে মরিনহোর নাম। পর্তুগীজ এই কোচ এর আগে ১০০ পয়েন্ট জিতিয়ে দলটিকে স্প্যানিশ লিগে চ্যাম্পিয়ন করেছিলেন; কিন্তু রিয়ালে তিন বছর কাটানোর পর মূলত খেলোয়াড়দের অসন্তোষের কারণে স্পেন ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।
মরিনহো গেল ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হন। এর আগে চেলসি থেকেও একই প্রেক্ষাপটে চাকরি খুইয়েছিলেন বহুল পরিচিত এই কোচ। তবে স্পেনের মার্কা তার আগমনের সম্ভাবনা জানান দিচ্ছে। পত্রিকাটি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে আহ্বান জানিয়েছে মরিনহোকে ফিরিয়ে আনতে।
মার্কা লেখে, ‘কালো রাত্রির ভয়াবহতার মধ্যেও একটামাত্র ইতিবাচক সিদ্ধান্তই টানা যায়, সেটা হলো দুনিয়ার সেরা কোচ হোসে মরিনহোর সুযোগ আছে কাজ করার। মরিনহোর সুবিধা হলো- সে মুক্ত আছে এবং ডাকের অপেক্ষায়। তাকে আনুন, ফ্লোরেন্তিনো তাকে আনুন এখনই।’
মাদ্রিদের এই ক্লাবের সমস্যা হলো অধিকাংশ খেলোয়াড়ই নৈপুণ্য দেখাতে পারছে না। এদের অনেকেরই বয়স এখন ৩০-এর কোঠায়। কিংবা ৩০ ছুঁইছুঁই।
গ্যারেথ বেল আয়াক্সের পোস্টে আঘাত হানলেও খেলাটি শেষ করেন গোড়ালির ইনজুরিতে খোঁড়াতে খোঁড়াতে। এ থেকে ধারণা করা যায়- স্পেনে তার দিন শেষ। তাছাড়া সাম্প্রতিক মাসগুলোতে ইস্কো ও মার্সেলোর দলে জায়গা না পাওয়াও প্রমাণ করে এদের চলে যাবার দিন ঘনিয়ে এসেছে।
আসলে দলটি আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে যাওয়ার ঘাটতি পূরণ করতে পারেনি। পর্তুগীজ এ স্ট্রাইকার প্রতি মৌসুমে গড়ে ৫০টি করে গোল দিতেন। ডিফেন্ডার নাচো অবশ্য মনে করেন না যে- এটা তার দলের মেয়াদকালের সমাপ্তি।
তিনি বলেন, ‘আমি মনে করি না আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। এই দলটি এখনো অনেক তরুণ। কেউ কেউ বলবে আমাদের নতুন খেলোয়াড় দরকার; কিন্তু এই দলটির ট্রফি জয়ের সামর্থ্য ছিল। এই মৌসুমটা আমাদের জন্য অনেক উত্থান-পতনের মধ্যে গেছে।’
