হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পুরনো খোয়াই নদী, দখল ও দূষণমুক্তকরণ, শায়েস্তানগর টাউন মডেল প্রাইমারি স্কুলের সামনের পুকুরে ও আধুনিক স্টেডিয়ামের প্রবেশ পথে বর্জ্য ফেলা বন্ধ করাসহ শহরকে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় একাধিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও তোফাজ্জল সোহেলের পরিচালনায় এতে বক্তৃতা করেন সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, তাহমিনা বেগম গিনি, ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের সহ-সভাপতি ডা. এসএস আল-আমিন সুমন, ক্রীড়া সংগঠক হুমায়ূন খান, সৈয়দ আশিকুর রহমান আশিক, আব্দুল বাছিত চৌধুরী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, আবিদুর রহমান রাকিব, আমিনুল ইসলাম ও নিহাদ ইশতিয়াক প্রমুখ। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন। বক্তারা বলেন, শহরের বুক চিরে বয়ে চলা পুরাতন খোয়াই নদী দখল-দূষণে মাত্রা ছাড়িয়েছে। বর্তমানে পুরাতন খোয়াই নদী হবিগঞ্জ শহরের সর্ববৃহত্ ডাস্টবিনে রূপ নিয়েছে। নদীর আশপাশের বাসাবাড়ির পয়ঃনিষ্কাশন, ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে নদীতে। এ ময়লা আবর্জনা ফেলার মধ্য দিয়ে দখলি প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। পুরনো বাসস্ট্যান্ডের নিকটবর্তী ও টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরটি বর্জ্য ফেলে পরিকল্পিতভাবে ভরাট করা হচ্ছে।
