সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
সরাইলে ডাকাত দলের হামলায় রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর বাজারে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম পানিশ্বর ইউনিয়নের আবদুল আজিজের ছেলে। তিনি পানিশ্বর বাজারের বিসমিল্লাহ স্টোরের মালিক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রফিকুল ইসলামের ছোট ভাই মোস্তাক আহমেদ।
পুলিশ সূত্র জানায়, পানিশ্বর বাজারের বিকাশ এজেন্ট ও মুদি মালের ব্যবসায়ী ছিলেন রফিকুল ইসলাম। মঙ্গলবার রাত ১২টার দিকে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই মোস্তাক আহমেদ ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে ১৫/২০ জনের এক দল ডাকাত প্রথমে লোহার গেট কাটে। পরে সাটার কাটার চেষ্টা করে। এ সময় দুই ভাই চিত্কার শুরু করলে ডাকাত দল বল্লম দিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালিয়ে নৌকা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দুই সহোদরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ইসলাম মারা যান।
সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা নৌকা ডাকাত দলের সদস্য। তারা এলাকারই বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
