খাগড়াছড়ি প্রতিনিধি
জেলা শহরের শাপলা চত্বর এলাকার ফোর স্টার নামক একটি আবাসিক হোটেলে গতকাল বুধবার দুপুর আড়াইটায় র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১০ রাউন্ড পিস্তলের গুলি ও ১ রাউন্ড কার্তুজ এবং দু’টি বিদেশি পিস্তল ও একটি দেশীয় অস্ত্রসহ দুইজন উপজাতি সন্ত্রাসীকে আটক করেছে। র্যাব-৭-এর মেজর মাসুদ পারভেজের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে আবাসিক হোটেল ‘ফোর স্টারে’ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো— ধুইয়া মোহন চাকমার ছেলে রনজয় চাকমা (৩৫) ও রায়মোহন ত্রিপুরার ছেলে ধনঞ্জয় ত্রিপুরা (৩৬) । তারা দুইজনই জেলার দীঘিনালা উপজেলার বাসিন্দা। স্থানীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ধারণা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো অস্ত্র সংগ্রহের পাশাপাশি অস্ত্রের কেনাবেচায় নেমেছে। র্যাবের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। এর আগেও চক্রটিকে আটকের চেষ্টা করলে কৌশলে পালিয়ে যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পাহাড়ে অস্ত্র উদ্ধার এবং সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এরূপ অভিযান চলমান থাকবে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো ও পুলিশের জেলা বিশেষ শাখার এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
