কলমাকান্দায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গুলিবর্ষণ, আহত আট

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২১:৫১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী বাজারে গত মঙ্গলবার রাত ৮টায় নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ছয়জন নেতা-কর্মী আহত হয়েছে।

স্থানীয় নেতা-কর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় কলমাকান্দার কৈলাটী বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদারের কর্মী-সমর্থকরা নৌকার পক্ষে মিছিল বের করে।

অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সমর্থকরা আনারস প্রতীকের পক্ষে মিছিল বের করে। দুটি মিছিল মুখোমুখি হলে নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে কৈলাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সোহরাব, সদস্য বাচ্চু মিয়াসহ উভয় পক্ষের ৭/৮ জন আহত হয়। আহতদেরকে কলমাকান্দা হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

 পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।