উপজেলা পরিষদ নির্বাচন
পিরোজপুর অফিস
উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে পিরোজপুর জেলার সাত উপজেলায় ভান্ডারিয়া উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জলসহ ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য ছিল।
মনোনয়নপত্রের সাথে দেওয়া হলফনামায় অসত্য তথ্য এবং তথ্যে গরমিল থাকায় জেলার ভান্ডারিয়া উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল এর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী খান নাজনীন বেগমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ভান্ডারিয়ায় বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ও স্বতন্ত্র আব্দুল্লাহ আল মাসুদ।
ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান সেলিম হাওলাদার এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক যুবলীগ নেতা নুরুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখানে বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি-জেপি’র মো. শাহীন হাওলাদার, আওয়ামী লীগের উপজেলা সভাপতি মো. মতিউর রহমান এবং বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য ফায়জুল কবির তালুকদার।
মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী রিয়াজউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল, চন্দ্র শেখর ও হারুন অর রশীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে আরিফুর রহমান সিফাত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নূসরাত জাহান পলির মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নাজিরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দীপালী রানী মল্লিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পিরোজপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান জানান, মনোনয়নপত্রের হলফনামায় অসত্য তথ্য প্রদান, তথ্য গোপন, তথ্যে গড়মিল থাকাসহ বিভিন্ন কারণে এসব মনোনয়নপত্র বাছাইকালে বাতিল করা হয়েছে। তবে বাতিলকৃত প্রার্থীরা আপলি করতে পারবেন।
