গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কোটি টাকার ভেজাল ঔষধসহ এক কারখানা মালিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ঔষধ, ঔষধ তৈরির মালামাল উদ্ধার করা হয়। বুধবার সকালে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার। তিনি জানান, সরকারি কোনো প্রকার অনুমোদন ছাড়াই বিভিন্ন মানুষের ও পশুর চিকিত্সার জন্য বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করছিল একটি চক্র। তারা বিভিন্ন প্রকার কেমিক্যাল ও দাহ্য পদার্থের সঙ্গে কৃত্রিম রং মিশিয়ে মানুষের রক্ত শুদ্ধিকরণ বটিকা, চর্মরোগের মলম, যৌন শক্তি বৃদ্ধিকরণ বটিকা, চুলপড়া বন্ধের তৈল, হাঁস-মুরগি ও কবুতরের কলেরা, বসন্ত, রাণীক্ষেত এবং ডাক প্লেগ-এর ঔষধ তৈরি করে তা সারাদেশে বিতরণ করে আসছিল।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকালে ভুরুলিয়ায় তাদের কারখানায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন কেমিক্যাল ও ভেজাল মালামাল উদ্ধার করা হয়। এসময় কারখানার মালিক রংপুরের মিঠাপুকুর থানার রাণীপুকুর গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে মো. রাব্বানী ও পশ্চিম ভুরুলিয়া এলাকার ময়লার টেকের মজিবর রহমানের ছেলে আব্দুস সালামকে আটক করা হয়।
অপরদিকে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে মঙ্গলবার রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে বর্ষা সিনেমা হল সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. ওসমান গণি নামের এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সে সিলেটের দক্ষিণ সুরমা থানার বরইকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে। অভিযানকালে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র বানানোর কাজে ব্যবহূত কম্পিউটার, ক্যামেরা, লেমিনেটিং মেশিন জব্দ করা হয়।
