বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা দেশগুলো ডাবল স্ট্যান্টবাজ: কৃষিমন্ত্রী

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ২১:০৭
 
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক খুনিদের আশ্রয়দাতা দেশগুলোকে ডাবল স্ট্যান্টবাজ হিসেবে আখ্যায়িত করেছেন। 

খুনিদের আশ্রয়দাতা দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, 'এমন ঘটনা যদি আপনাদের দেশে হত তাহলে আপনারা কি করতেন? আপনাদের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীকে হত্যা করে যদি খুনিরা বাংলাদেশে অবস্থান নিত তাহলে তো আপনার ড্রোন হামলা চালিয়ে বাংলাদেশের মানুষ মেরে সাফ করে দিতেন। অথচ আপনারা এখন গণতন্ত্র, মানবাধিকারের কথা বলেন। আবার খুনিদের আশ্রয় দেন। আপনারা ডাবল স্ট্যান্টবাজ।'

মতিয়া চৌধুরী আজ রবিবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে শোক শোভাযাত্রা পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ গৃহীত ৪০ দিনের কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই শোক শোভাযাত্রার আয়োজন করা হয়। 
 
মতিয়া চৌধুরী বলেন, ন্যায় বিচার সকল দেশের জন্য। সবার জন্য সমান। আমরা দেশের জন্য এই ন্যায়বিচার চাই। এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাব। 
 
তিনি বলেন, আমরা যে যত কথাই বলি না কেন ১৯৮১ সালে শেখ হাসিনা বাংলাদেশে না এলে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পেতাম না। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার করবে পঁচাত্তর পরবর্তী এমন কেউ ছিল না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ পেটভরে ভাত খাচ্ছেন। মানুষের মতো জীবন-ধারণ করছেন। 

সমাবেশ শেষে নেতাকর্মীরা পায়ে হেঁটে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গিয়ে শোক শোভাযাত্রার শেষ করেন।