শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২১:৫২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।  বুধবার উপজেলার দেবতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিগনগর ইউনিয়নের  ৮ নং দেবতলা ওয়ার্ডের মেম্বার মো. সেলিম খান জানান, দেবতলা গ্রামে পান্না খানের সঙ্গে নাসির খানের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তারা দু’জনই আওয়ামী লীগের সমর্থক। কয়েক দিন আগে পার্শ্ববর্তী জমশেদপুর গ্রামে যুবকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জেরে বুধবার সকালে দু’দল ঢাল-শরকি, রামদা, লাঠি-সোঁটা ও ইট-পাটকেল নিয়ে  সংঘর্ষে  লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। শৈলকুপা হাসপাতালে ১২ জন ও ঝিনাইদহ সদর হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয় বলে তিনি জানান।

শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।  গ্রামে পুলিশ মোতায়েন আছে।