কুমিল্লার কোটবাড়ী নন্দনপুরে ঢাকাগামী টিন বোঝাই একটি ট্রাক উল্টে ছয়জন নিহত হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত রয়েছে আরও চারজন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি পুলিশ ফাঁড়ির এস আই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, ওই দুর্ঘটনায় মারাত্মক আহত জাহিদ হোসেনকে (৪০) কুমিল্লা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তিনি গাইবান্দার গোবিন্দগঞ্জের জলিল মিয়ার ছেলে।
অন্যান্য নিহতরা হলেন- শহীদ মিয়া (৩২), ফজলু (৪০), জাহিদ মিয়া (৪২), আনোয়ার মিয়া (৩৮), শফিকুল (২৮) ও গেরু মিয়া (৩২)। তাদের সবার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খোলাহাট গ্রামে।
হাইওয়ে পুলিশ জানায়, টিন বোঝাই ট্রাকটির উপর কযেকজন যাত্রী বসা ছিল। ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে তারা টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। কুমিল্লা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, খবর পেয়ে উদ্ধার কাজে পুলিশের সঙ্গে ৩টি ইউনিট যোগ দিয়ে তারা ৬জনের মৃতদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে নগরীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার দুপুরে ময়নামতি হাইওয়ে থানায় উপস্থিত হয়ে নিহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আব্দুল্লাহ আল-মামুন, হাইওয়ে পূর্বাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোলায়মান মিয়া, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, কোতয়ালী মডেল থানার ওসি মো. আব্দুর রব।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, দুপুরে নিহতদের মধ্যে আসলাম ও জাহিদুল ইসলাম নামে দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ৫জনের লাশ বিনা ময়নাতদন্তে নিহতদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে সোমবার সকাল ১০টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় নোয়াখালীগামী ঢাকা এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
