বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিম্ন আদালতে আত্মসমর্পণের মেয়াদ ৬ সপ্তাহ বাড়িয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে ৬ সপ্তাহের জামিন দিয়েছিল আদালত। চিকিৎসা শেষে তাকে ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। এখন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কিন্তু চিকিৎসা শেষ না হওয়ায় তিনি ওই সমেয়ের মধ্যে দেশে ফিরতে পারেন নি। তার আত্মসমর্পণের মেয়াদ পেরিয়ে গেছে। এ জন্য তার পক্ষে আইনজীবী আত্মসমপর্ণের মেয়াদ ৮ সপ্তাহ বাড়নোর জন্য আদালতে আবেদন দাখিল করে।
আজ সোমবার আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ ৬ সপ্তাহ মেয়াদ বৃদ্ধি করে। এই সময়ের মধ্যে তাকে চিকিৎসা শেষে দেশে ফিরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী সগির হোসেন মিয়া।
প্রসঙ্গত, নাশকতার দুইটি মামলায় ফখরুলকে জামিন দিয়েছিল হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত করে দেয় আপিল বিভাগ। ফখরুলের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ তার স্বাস্থ্যগত প্রতিবেদন চেয়ে ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে দেয়। পরে বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে ফখরুলকে ৬ সপ্তাহের জামিন দিয়েছিল আপিল বিভাগ।
