সোনালী ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগ
রেজাউল হক কৌশিক
হাইওয়ের যাত্রীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংক। হাইওয়েতে অবস্থিত ব্যাংকটির ১৮৫টি শাখায় যাত্রী বিশ্রামাগার নির্মাণ করবে ব্যাংকটি। একইসঙ্গে উন্নতমানের টয়লেটও থাকবে এসব শাখায়। যেখানে ঢাকা থেকে যাওয়া এবং ঢাকায় ফেরার পথে যাত্রীরা এ সুবিধা ভোগ করতে পারবে। এজন্য এ ব্যাংকের গ্রাহক না হলেও কোনো অসুবিধা নেই।
জানা গেছে, ঢাকা থেকে বিভিন্ন জেলায় যেতে ও সেখান থেকে ঢাকায় ফেরার সময় যাত্রা বিরতি দেওয়ার তেমন জায়গা নেই। এখন বাণিজ্যিক ভিত্তিতে কিছু হোটেল-মোটেল গড়ে উঠলেও তা পর্যাপ্ত নয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো টয়লেটের। হোটেল ও রেস্টুরেন্টের টয়লেটগুলোর অবস্থা ভালো নয়। ফলে অনেকেই যাত্রা বিরতি দিলেও এসব টয়লেট ব্যবহার করেন না। আর দীর্ঘক্ষণ টয়লেটের বেগ ধরে রাখলে কিডনিসহ নানা অসুখের কারণ বলে ডাক্তাররা জানিয়েছেন। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে ব্যক্তিগত ও ছোট গাড়িগুলো যেখানে সেখানে যাত্রা বিরতি দেওয়া ঠিক নয় বলে সংশ্লিষ্ট জানিয়েছেন। সোনালী ব্যাংকের এখন শাখা রয়েছে ১২১৪টি। এরমধ্যে ১৮৫টি শাখা হাইওয়ে সংলগ্ন। এসব শাখায় যাত্রীসেবা দেবে ব্যাংকটি।
ব্যাংকটির এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ গতকাল ইত্তেফাককে বলেন, জনগণের সেবার জন্য সোনালী ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে তারই অংশ হিসাবে এটি করা হচ্ছে। ঢাকা থেকে দূর-দূরান্তে যাওয়ার জন্য এবং ঢাকায় আসার জন্য যাত্রীদের জন্য বিশ্রামের জায়গা নেই। বিশেষ করে যাদের টয়লেট ব্যবহারের কোনো সুযোগ নেই। অল্প কয়েকটি রেস্টুরেন্ট ও ফিলিং স্টেশন আছে তবে সেখানে পরিবেশ তত ভাল নয়। আবার ব্যক্তিগত গাড়ি হলে তা পার্কিংয়ের ঝামেলা তো আছেই। তাই মানুষ যাতে স্বস্তিতে সোনালী ব্যাংকের শাখায় এসে বিশ্রাম নিতে পারেন এবং শাখায় থাকা উন্নতমানের টয়লেট ব্যবহার করতে পারেন সেজন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্রামাগারে সোফা থাকবে। এছাড়া চা-কফির ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন এ ব্যাংকার।
এদিকে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দপ্তর থেকে ব্যাংকের সব শাখার টয়লেটগুলো আরো উন্নত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরুষ-মহিলা আলাদা করে টয়লেট সংস্কার করতে বলা হয়েছে। সবসময় তা পরিচ্ছন্ন রাখার জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকের স্টাফদের পাশাপাশি টয়লেটগুলো যাতে গ্রাহকরাও ব্যবহার করতে পারেন সেজন্যই এ উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক।
সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক সরকারি খাতে বিনামূল্যে ও নামমাত্র মূল্যে ৫১ ধরনের সেবা দিচ্ছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় বিনামূল্যে ৩৭ ধরনের সেবা দিচ্ছে। আর নামমাত্র মূল্যে দিচ্ছে আরো ১৪ ধরনের সেবা। এর মধ্যে আছে- শিক্ষাবৃত্তি, মুক্তিযোদ্ধাভাতা, বয়স্কভাতা, অতি দারিদ্র্যভাতা, ভিক্ষাভাতা, চিকিত্সাভাতা, অবসরভোগীদের পেনশন ভাতা, বিভিন্ন বন্ড বিক্রি, সঞ্চয়পত্র বিক্রি, বিভিন্ন উত্সব ভাতা এসব সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এ ছাড়াও সরকারি নির্দেশে কম সুদে ঋণ বিতরণ, সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ দেওয়া, পরে এসব ঋণের অর্থ দীর্ঘমেয়াদি বন্ডে রূপান্তর করা হচ্ছে।
