বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক সাব্বির আহমেদ (২৫) দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর আদাবর এলাকায় হামলাকারীরা আকস্মিকভাবে চাপাতি দিয়ে তার উপর হামলা করে।
এটিএন নিউজের রিপোর্টার সাব্বির আহমেদ নিজে ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমরার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। গলি থেকে মূল রাস্তায় যাওয়ার পথে দুইজন দুর্বৃত্ত তার পিছু নেয়। অন্যজন তার সামনে অবস্থান করছিল। সামনের জনকে অতিক্রম করার সঙ্গে সঙ্গে হামলার মুখে পড়েন তিনি।
সাব্বির বলেন, "তিন যুবক আমাকে ঘিরে ধরে আকস্মিকভাবে গলায় চাপাতি দিয়ে আঘাত করে। আমি চিৎকার করে ধাক্কা দিয়ে তাদের সরিয়ে দিই।”
পরে আশপাশের মানুষ এগিয়ে এলে হলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা সাব্বিরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
তার গলায় দুটি সেলাই লেগেছে এবং আঙুল কেটেছে। চিকিৎসা নিয়ে রাতেই বাসায় ফিরেছেন সাব্বির।
হামলার কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি সাব্বির। হামলাকারীরা তার কাছ থেকে কিছু ছিনিয়েও নেয়নি।
