নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষামন্ত্রী

দক্ষ মানবসম্পদ গড়তে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কাজ করতে হবে

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২২:১৭

 

ইত্তেফাক রিপোর্ট

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে সরকার অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দেশের শিল্প ও সেবা খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব। এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষামন্ত্রী গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি আশা করি, উচ্চশিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইন অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবে। বিষয় বাছাই, শিক্ষাক্রম প্রণয়ন, শিক্ষাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করবে। শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পরিহার করে সেবার মানসিকতা নিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তরিকতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন নোবেল বিজয়ী রিচার্ড জে. রবার্টস । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর সভাপতি এম এ হাশেম, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং ড. রিটা আর. হলওয়েল। সমাবর্তনে ৩ হাজার ৪৮৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। ১১ জন কৃতী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী।