স্বাধীনতা রক্ষা ও দুর্যোগে সেনাবাহিনী ভূমিকা রেখে চলছে:সেনাপ্রধান

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২২:২৩

সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ পাঁচটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে

সিলেট অফিস

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি দক্ষ বাহিনী হিসেবে ইতিমধ্যে প্রশংসা ও স্বীকৃতি লাভ করেছে। সামরিক শক্তি ও দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। শান্তি রক্ষা মিশনে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছে সেনাবাহিনী। তিনি বলেন, আস্থার প্রতীক সেনাবাহিনী স্বাধীনতা রক্ষা ও যে কোনো দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রেখে চলছে। পেশাগতভাবে দক্ষতা অর্জন করে তারা দেশের সেবায় আত্মনিয়োজিত রয়েছে। সেনাবাহিনী প্রধান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা অঙ্গীকারবদ্ধ।

নবগঠিত সিলেট সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার আরেকটি ধাপ হিসেবে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ পাঁচটি ইউনিটের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। ১৬১ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইউনিটের পতাকা উত্তোলন করেন জেনারেল (অবঃ) মোহাম্মদ আব্দুল মুবিন, ৪২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর পতাকা উত্তোলন করেন লে. জেনারেল (অবঃ) শাহ আতিকুর রহমান, ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর পতাকা উত্তোলন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, ১২৬ ব্রিগেড সিগন্যাল কোম্পানি পতাকা উত্তোলন করেন লে. জেনারেল (অবঃ) আবু সালেহ মোহাম্মদ নাসিম এবং স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি এর পতাকা উত্তোলন করেন লে. জেনারেল (অবঃ) হারুন-উর রশীদ।

সেনাবাহিনী প্রধান ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনা সদস্য হিসেবে গড়ে ওঠার জন্য সেনা সদস্যের প্রতি নির্দেশ দেন। সেই সঙ্গে পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের মাধ্যমে আভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত প্রতিরক্ষা নীতি ১৯৭৪ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রণীত প্রতিরক্ষা নীতি ২০১৮ এর আলোকে উন্নয়ন ও সম্প্রসারণে বিশ্বাসী। এ লক্ষ্যকে সামনে রেখে সিলেটে ১৭ পদাতিক ডিভিশনসহ বাংলাদেশে একাধিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়।

বেলা সোয়া ১১টায় সেনাবাহিনী প্রধান জালালাবাদ ক্যান্টনমেন্টের ‘এইট সিগন্যাল ব্যাটালিয়ন প্যারেড গ্রাউন্ডে’ পৌঁছালে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান তাকে অভ্যর্থনা জানান।